চরফ্যাশনে ‎সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন /
চরফ্যাশনে ‎সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

‎গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত‍্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে মানববন্ধন করেছে ভোলার চরফ্যাশন উপজেলার কর্মরত সাংবাদিকরা।

‎শনিবার (৯ আগস্ট) বিকাল ৫ টার দিকে চরফ্যাশন প্রেসক্লাব ও উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

‎দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি আরিফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি সজিব শাহরিয়ার,সাংগঠনিক সম্পাদক ও কালবেলা প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার, দৈনিক বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল,খোলা কাগজ প্রতিনিধি জেএইচ রাজু, শশীভূষণ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল,মাইটিভি ও মানবকণ্ঠ প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদার প্রমুখ।
‎এসময় অন্তরবর্তী সরকারের কাছে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবী জানান। এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করার দাবীও জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

‎জানা যায়, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পাঁচ ভাই ও দুই বোনের মধ‍্যে সে সবার ছোট। তিনি ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে ঢাকার গাজীপুর চান্দনা এলাকায় বসবাস করে আসছেন। সেখানে বেসরকারি স্বাস্থ্য সেবা ক্লিনিক ব‍্যবসার পাশাপাশি গত কয়েক বছর ধরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় সাংবাদিকতায় করে আসছেন তিনি।