চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা পুলিশের হস্তক্ষেপে উঠানে দাফন


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন /
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা পুলিশের হস্তক্ষেপে উঠানে দাফন

ভোলার চরফ্যাশনে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মৃত বাবার লাশ দাফন নিয়ে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতের সন্তানদের বাধার কারণে দুইবার কবর খোঁড়া হলেও দীর্ঘ সময় দাফন বন্ধ থাকার পর পুলিশ এবং এলাকাবাসীর হস্তক্ষেপে অবশেষে বাড়ির উঠানে দাফন সম্পন্ন করা হয়েছে।
গতকাল শনিবার উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ৩ নম্বর ওয়ার্ডের জলিল পণ্ডিতের বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জলিল পণ্ডিত জীবদ্দশায় চারটি বিয়ে করেন। বর্তমানে তাঁর দুই স্ত্রী ও সাত সন্তান রয়েছে। মৃত্যুর আগে জলিল পণ্ডিত তাঁর সম্পত্তির বড় অংশ ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে দলিল করে দিয়ে যান। এই বিষয়টিকে কেন্দ্র করে সন্তানদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।
শনিবার সকালে জলিল পণ্ডিতের মৃত্যু হলে স্বজনরা পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেন। এ সময় একপক্ষের সন্তানরা দাফনে বাধা দেন। সেখানে দাফন করতে না পেরে বাড়ির উঠানে দ্বিতীয়বার কবর খোঁড়া হয়। কিন্তু সেখানেও বাধার মুখে পড়েন তারা। একপর্যায়ে লাশ বাড়ির উঠানে রেখে ভাই-বোন ও সন্তানদের মধ্যে তর্ক-বিতর্ক, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। লাশের সামনে এমন ঘটনায় গ্রামবাসী হতবাক হন।

শশীভূষণ থানার (ওসি) ফিরোজ আহাম্মদ বলেন, মরদেহ দাফনকে কেন্দ্র করে পারিবারিক সদস্যদের মধ্যে বিরোধ ও উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি শান্ত করা হয়। উভয় পক্ষের সঙ্গে আলোচনা শেষে মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।