
পলাশ মাহমুদ,চরফ্যাশন প্রতিনিধি:
মিয়ানমারে পাচারকালে একটি ট্রাক ভর্তি ইউরিয়া সার জব্দ এবং চার শ্রমিককে
আটক করেছে ভোলার চরফ্যাশন থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টায় চরফ্যাশনের বেতুয়া নদী বন্দর সংলগ্ন ঘাট থেকে সারগুলো আটক করে পুলিশ। আটককৃত সারের পরিমাণ ২৯৩ বস্তা(প্রায় ১৫ টন) যার আনুমানিক মূল্য ৩ লাখ ৫১ হাজার ৬০০ টাকা বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগতি থানার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩৭), নোয়াখালী জেলার হাতিয়া থানার হসিউল আলমের ছেলে সিরাজ (৫৭), একই জেলা ও থানার নবীর উদ্দিনের ছেলে শাহারাজ (৪০) এবং একই জেলার চর জব্বার থানার অহিদ হাওলাদারের ছেলে সোহেল (২৮) ।
চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে সার ফিশিং বোটে তোলা হচ্ছে গোপন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯৩ বস্তা ইউরিয়া সার, একটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে। জব্দকৃত সার থানা হেফাজতে আছে।
আটক শ্রমিকদের কে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।
চরফ্যাশনের অতিরিক্ত কৃষি অফিসার মো. আবু তাহের জানান,সার আটকের সংবাদ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করছে পাশাপাশি আমরাও খোঁজ খবর নিচ্ছি।






















আপনার মতামত লিখুন :