
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মুক্ত বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
শি জিনপিং বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে উন্মুক্ত আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে হবে। অর্থনৈতিক যোগাযোগের পথ সুগম করা, প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি এবং অবাধ ও উন্মুক্ত বাণিজ্য সম্প্রসারণে সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, সহযোগিতার ক্ষেত্রে ন্যায্যতা ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন দেশের অর্থনৈতিক বৈচিত্র্যকে কাজে লাগাতে হবে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার অন্যতম প্রবক্তা ও অংশীদার হিসেবে চীন এ প্রচেষ্টা অব্যাহত রাখবে।
আঞ্চলিক সহযোগিতা জোরদারে চীন ২ কোটি ডলার ব্যয় করবে বলেও ঘোষণা দেন শি। এ ছাড়া শেনজেনে একটি ‘এশিয়া-প্যাসিফিক কমিউনিটি স্টাডিজ সেন্টার’ প্রতিষ্ঠার কথা জানান তিনি। প্রতিষ্ঠানটি আঞ্চলিক নীতিনির্ধারণী গবেষণা ও বুদ্ধিবৃত্তিক সহায়তা দেবে।
ডিজিটাল প্রযুক্তি, আন্তসীমান্ত তথ্যপ্রবাহ, পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ প্রবৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নেও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যার মধ্যে সমন্বয় রেখে উন্নয়ন এবং কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগেও গুরুত্ব দেন তিনি।
শি বলেন, মানুষের জীবনমান উন্নয়ন এবং মানবসম্পদে বিনিয়োগকে অগ্রাধিকার দিতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি অভিন্ন সম্প্রদায় গড়ে তুলতে চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
অধিবেশনে শি জিনপিংয়ের পর বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কয়েক শ বছর ধরেই যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ শক্তি। এ অঞ্চলে প্রবৃদ্ধি, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ওয়াশিংটন কাজ করে যাবে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে ট্রাম্প বলেন, দেশটি এখন আগের যেকোনো সময়ের তুলনায় সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও অত্যন্ত শক্তিশালী বলে উল্লেখ করেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, এআই প্রযুক্তি প্রায় সম্পূর্ণ ইতিবাচক। এ খাতের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে এমন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের বিরোধিতা করেন তিনি। প্রযুক্তিটির দ্রুত বিকাশের পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্প বলেন, অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা উচিত নয়।
এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন বৈঠক নিয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া বিশ্বের জন্য উন্মুক্ত রয়েছে এবং দেশটির অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে খাদ্য ও সার সরবরাহের মাধ্যমে রাশিয়া গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও জানান তিনি।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে নিজেদের অভিজ্ঞতা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ভাগ করে নিতে রাশিয়া প্রস্তুত বলে জানান পুতিন। বক্তব্যের শেষ পর্যায়ে এপেকের চূড়ান্ত ঘোষণাপত্রের প্রতিও সমর্থন জানান তিনি।
তিন নেতার বক্তব্যে মুক্ত বাণিজ্য, প্রযুক্তিগত উদ্ভাবন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেলেও এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং চীনের সহযোগিতামূলক উন্নয়নের আহ্বানে ভিন্ন দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়েছে।






















আপনার মতামত লিখুন :