রাতেই বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হচ্ছেন


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৩, ১০:৩০ অপরাহ্ন /
রাতেই বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হচ্ছেন

কাল মহাসমাবেশে যোগ দিতে রাতেই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকালের পর নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

বৃহস্পতিবার বিকেলে সমাবেশের অনুমতির খবর নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে ধীরে ধীরে নয়াপল্টন এলাকা জড়ো হতে শুরু করেন তারা। বিকালের দিকে বিএনপির নেতাকর্মীরা সড়কে অবস্থান করলে পুলিশ তাদের বারবার সরিয়ে দেয়।

কিন্তু সন্ধ্যার পর সেই চিত্র পাল্টাতে থাকে। নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু হবে। প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিএনপির মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। রায়ট কার ও জলকামানের পাশাপাশি প্রিজন ভ্যানও রাখা হয়েছে। আশপাশে অবস্থান করছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সমাবেশকে কেন্দ্র করে ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত নয়াপল্টন ভিআইপি সড়কে কয়েক শ ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নয়াপল্টন এলাকা, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, দৈনিক বাংলা, পুরানা পল্টন ও বিজয়নগর এলাকায় ব্যাপক প্রস্তুতিসহ পুলিশি উপস্থিতি রয়েছে। বিএনপির নেতাকর্মীরাও আছেন। খণ্ড খণ্ড দলে বিভক্ত হয়ে এ নেতাকর্মীরা সরকার পতনের নানা স্লোগান দিচ্ছেন আবার স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে যাচ্ছেন।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন,এটি একটি ব্যস্ততম সড়ক। এখানে যেন পার্টি অফিসের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে সড়ক চলাচল বন্ধ না করে দেন, সেটিই আমরা নিশ্চিত করতে চাইছি।