
মিজান নয়ন,চরফ্যাশন।
ভোলার চরফ্যাশন উপজেলা পোষ্ট অফিস ভবণটি জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ এবং মেরামত অযোগ্য হলেও এটি মেরামত কাজ শুরু হয়েছে। একারণে অফিস ষ্টাফ এবং অফিসটিতে সেবা নিতে আসা লোক জনের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। তারা বলছেন, জরাজীর্ণ এবং মেরামত অযোগ্য ভবণটি পুনঃ নির্মান না করে মেরামত করা হলে পরবর্তীতে যে কোন সময় ভবনটি ধ্বসে পড়ে প্রানহানীর মতো বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সম্পুর্ণ ব্রিকের উপরে নির্মিত পোষ্ট অফিস ভবনটির ছাদ এবং ছাদের ভীমের অধিকাংশ প্লাস্টার খসে পড়ে রড গুলো ঝং ধরে নষ্ট হয়ে গেছে। দেয়ালের কয়েক জায়গায় ফাটল ধরেছে। নষ্ট হয়ে গেছে দেয়ালের অধিকাংশ প্লাস্টার । সংশ্লিষ্টদের সুত্রে জানাগেছে, বিগত ২৬বছর আগে মেরামতের কাজ হলেও দীর্ঘ সময় মেরামত না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চরফ্যাশন উপজেলা পোষ্ট মাস্টার মো.ইকবাল বলেন, চলতি বছরের জানুয়ারী মাসে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার পরিদর্শনে এসে ভবনটি মেরামত অযোগ্য ঘোষনা দিয়ে এটি পুনঃ নির্মান করা হবে বলে আমাকে জানিয়েছেন।
কিন্তু পুনঃ নির্মান না করে সাত মাস পর মেরামত কাজ শুরু হয়েছে। ভোলার পোষ্ট অফিস পরিদর্শক এমরান হোসেন বলেন,চরফ্যাশন উপজেলা পোষ্ট অফিসটি জরাজীর্ণ এবং মেরামত অযোগ্য হওয়ায় এটি পুনঃ নির্মানের জন্য প্রস্তাব পাঠিয়েছি। কিন্তু মেরামতের অর্ডার এসেছে তাই মেরামত কাজ চলছে। ডাক অধিদপ্তরের ঢাকা’র অতিরিক্ত মহা-পরিচালক মো. গোলাম মোস্তফা মোবাইল ফোনে বলেন, ভবণটির খারাপ অবস্থা সম্পর্কে অবগত হয়েছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।






















আপনার মতামত লিখুন :