
পলাশ মাহমুদঃ চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলার দক্ষিণে বঙ্গপোসাগ মোহনায় জেলের জালে ধরা পড়েছে ইলিশের রাজা। মাছটির ওজন ২ কেজি ৬০০ গ্রাম। রাজা ইলিশটি চরফ্যাশনের আঞ্জুরহাট বকসী মৎস্য ঘাটে নিয়ে আসলে ডাকে ১৪হাজার টাকায় বিক্রি হয়। চর অঞ্চলের জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছে এমন বড় ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
বকশি মৎস্য ঘাট সূত্রে জানা গেছে, বকশিঘাটের নাসির মাঝি ও তাঁর সঙ্গীরা মেঘনা ও বঙ্গপোসাগরের মোহনায় অবস্থিত শিবচর সংলগ্ন জলসীমা থেকে মাছ ধরছিলেন। বৃহস্পতিবার ৬আগস্ট বিকেলে জালে অন্যান্য ছোট মাছ ও ইলিশের সঙ্গে এই বড় ইলিশটিও ধরা পড়ে। মাছটি শুক্রবার ৭আগস্ট সকালে বকশি মৎস্য ঘাটের সাজ মৎস্য আড়তে জেলেরা নিয়ে আসে।
ঘাটের ব্যবসায়ী মাহফুজ পরশ বলেন, ঘাটের ব্যাপারী ও পাইকারদের সামনে হাকডাকে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে আড়তদার মো.আকবর ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী আকবর বলেন, ঢাকার পাইকারি বাজারে বড় সাইজের ইলিশ মাছের ব্যাপক চাহিদা। আকবর আরও বলেন, মাছটি আমরা অন্যান্য ইলিশের ঝুরির সঙ্গে ঢাকায় চালান করব। ঢাকায় আরও ভালো লাভে বিক্রি হবে। বর্তমানে ইলিশের সরবরাহ একটু কম থাকায় বাজারে সব ধরনের মাছের দাম একটু বেশি।






















আপনার মতামত লিখুন :