বাদামের আড়ালে চলে গাঁজার ব্যবসা


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৪, ৩:১৪ অপরাহ্ন / ০
বাদামের আড়ালে চলে গাঁজার ব্যবসা

রাজধানীতে গাঁজা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানার তেজকুনিপাড়ার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয় এক হাজার পুরিয়া গাঁজা। বাদাম বিক্রির আড়ালে এসব গাঁজা বিক্রি করতেন তারা। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, আব্দুল আজিজ (২৮), মো. সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম (৩০) এবং মো. রমজান আলী (৪৫)। তাদের মধ্যে আজিজ ও জাহিদুল সম্পর্কে চাচা-ভাতিজা। এবং রমজান আজিজের বেয়াই। তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বাদাম বিক্রির আড়ালে এসব গাঁজা বিক্রি করা হয়।
বাদামের প্যাকেটের মতো করেই এসব গাঁজা প্যাকেটজাত করা হয়। গ্রেপ্তার তিনজনই তেজগাঁওয়ের চিহ্নিত মাদক বিক্রেতা। তারা মূলত গাঁজা বিক্রি করেন। আজিজের বিরুদ্ধে ২৮ টি, মো. রমজানের বিরুদ্ধে ৭ টি এবং জাহেদুলের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে।তারা তেজকুনিপাড়ায় একটি ভাড়া বাসায় গোপনে গাঁজার ব্যবসা করতেন। গাঁজা ক্রেতা-বিক্রেতার কাছে সেই বাসা ‘গাঁজার আড়ৎ’ নামে পরিচিত। তারা এখানে গাঁজাকে বাদামের মতো করে প্যাকেটজাত করে রাখেন। এরপর খুচরা বিক্রেতারা এখান থেকে নিয়ে যান। সাধারণত বাদাম বিক্রির আড়ালেই এসব গাঁজা বিক্রি করা হয়। ওসি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২ কেজি সমমানের ১ হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।