প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে তামিমের সিদ্ধান্ত প্রত্যাহার


সময়ের খবর ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৩, ৭:৩১ অপরাহ্ন /
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে তামিমের সিদ্ধান্ত প্রত্যাহার

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। হতভম্ব দেশের ক্রিকেট মহল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তার সিদ্ধান্তে বিস্মিত হয়। পরে তামিমকে বুঝাতে গণভবনে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ জুলাই) তার সঙ্গে আলাপের পর অবসর ভেঙে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি ওপেনার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যস্থতায় আবারও তামিম জাতীয় দলে ফেরার ঘোষণা দিলেন। দেড় মাসের মতো মানসিক ও শারীরিকভাবে ফিট হতে ক্রিকেটের বাইরে থাকবেন তিনি, এমনটা জানান পাপন। শুক্রবার বিকাল ৪টার দিকে গণভবনে যান বিসিবি প্রধান পাপন। তামিম তার স্ত্রী ও মাশরাফির সঙ্গে অবসরের ইস্যু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তামিম। এরপর সোয়া ছয়টার দিকে গণভবন থেকে বের হয়ে তামিম অবসর থকে সরে আসার কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন।

তামিম বলেন, আমি সবাইকে না বলতে পারি কিন্তু প্রধানমন্ত্রীকে না। মাশরাফি ভাই আমাকে এখানে এনেছেন আমাকে, পাপন ভাইও আমার সঙ্গে বৈঠকে ছিলেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাশেই দাঁড়িয়ে ছিলেন। সংবাদকর্মীদের তিনি বলেছেন, ‘আমার একটা ধারনা হয়েছিল ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধান পাবো। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে।