
ভোলার চরফ্যাশন উপজেলাটি আয়তনের দিক থেকে দেশের ১৭টি জেলার চেয়েও বড়। বিশাল এই জনপদে রয়েছে ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু সংকটাপন্ন রোগীদের জন্য নেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধা। ফলে গুরুতর অবস্থায় থাকা রোগীদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা ঢাকায় পাঠাতে হয়। এতে নদী ও সড়কপথ পাড়ি দিতে গিয়ে অনেক রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে।
উপজেলার বিভিন্ন দ্বীপাঞ্চলের মানুষও গুরুতর অসুস্থ হলে এই স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভর করেন। সংশ্লিষ্টদের মতে, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা পাঁচ লাখেরও বেশি। বৃহৎ এই জনগোষ্ঠীর চিকিৎসার প্রধান কেন্দ্র হওয়া সত্ত্বেও সংকটাপন্ন রোগীদের জন্য পূর্ণাঙ্গ নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক রোগীকে উন্নত চিকিৎসাকেন্দ্রে রেফার করতে হয়।
গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন হয়। এ ধরনের রোগীদের জন্য অধিক মাত্রায় অক্সিজেন সরবরাহ, ভেন্টিলেটর, শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আধুনিক জীবনরক্ষাকারী সরঞ্জাম অপরিহার্য।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, একটি কার্যকর আইসিইউ পরিচালনার জন্য শুধু একটি কক্ষ বা শয্যা থাকলেই হবে না। এর জন্য প্রয়োজন প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স, সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা, ভেন্টিলেটর, নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সুবিধা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং অন্যান্য সহায়ক অবকাঠামো। পাশাপাশি সংকটাপন্ন রোগীদের দ্রুত স্থানান্তরের জন্য কার্যকর অ্যাম্বুলেন্স ও রেফারেল ব্যবস্থাও জরুরি।
এলাকাবাসী জানান চরফ্যাশন উপজেলায় বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার বাস্তবতা বিবেচনায় সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউসহ আধুনিক জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু করা এখন গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে। স্থানীয় পর্যায়ে জীবনরক্ষাকারী চিকিৎসার সুযোগ বাড়ানো গেলে গুরুতর রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়ার পাশাপাশি দূরবর্তী শহরে স্থানান্তরের ঝুঁকিও কমানো সম্ভব হবে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন বলেন, “সংকটাপন্ন রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রয়োজন রয়েছে। বিশেষ করে গুরুতর রোগীদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে আইসিইউ সুবিধা থাকা গুরুত্বপূর্ণ।”






















আপনার মতামত লিখুন :